যশোর প্রতিনিধি
যশোরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তামার পাইপ চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে এক বা একাধিক বাসা ও প্রতিষ্ঠানের এসির পাইপ চুরি হচ্ছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভুক্তভোগীরা।
শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার গৃহবধূ শামীমা জামান জানান, গভীর রাতে তার বাসার ছাদে থাকা এসির তামার পাইপ কেটে নিয়ে যায় চোরেরা। সকালে উঠে দেখেন বিদ্যুৎ থাকলেও এসি চলছে না। পরে খোঁজ নিয়ে জানতে পারেন পাইপ চুরি হয়েছে। একই ধরনের ঘটনা আশপাশের আরও কয়েকটি বাড়িতেও ঘটেছে।
কাজীপাড়া এলাকার ব্যবসায়ী মহসীন আলী বলেন, তার ভাড়া বাসা থেকেও এসির পাইপ চুরি হয়েছে। উপশহরের এফ-ব্লকের বাসিন্দা আকরামুজ্জামান জানান, ঈদের ছুটিতে বাড়িতে না থাকার সুযোগে তার ফ্ল্যাটসহ পাশের বাসা থেকেও একাধিক এসির পাইপ কেটে নিয়ে গেছে চোরেরা।
ভুক্তভোগীদের অভিযোগ, একটি এসির পাইপ চুরি হলে তা পুনরায় সচল করতে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। অথচ চোরেরা এসব তামার পাইপ ভাঙারির দোকানে বিক্রি করে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ছয় মাসে যশোর শহর ও আশপাশের এলাকায় দুই শতাধিক বাড়ি ও প্রতিষ্ঠান এ ধরনের চুরির শিকার হয়েছে। পালবাড়ি মোড়, ঘোষপাড়া, কাঁঠালতলা, শেখহাটি, নলডাঙ্গা রোড, জেল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ চুরি সংঘটিত হয়েছে।
এসি মেরামত সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে তামার পাইপ চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে। অনেক ক্ষেত্রে একটি বাসায় মেরামত করার পরপরই আবার চুরির ঘটনা ঘটছে।
ভুক্তভোগীদের অনেকেই মনে করছেন, এর পেছনে সংঘবদ্ধ চক্র কাজ করছে। চুরি হওয়া তামার পাইপ যশোর রেলস্টেশন সংলগ্ন এলাকার কিছু ভাঙারি দোকানে কম দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
যশোর পৌরসভার বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন জানান, পৌরসভা ভবন থেকেও তিনটি এসির পাইপ চুরি হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, “এসি পাইপ চুরির ঘটনায় নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ১০টি মামলা রেকর্ড হয়েছে এবং চোরচক্রের ১৫ সদস্যকে আটক করা হয়েছে। অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এদিকে, বারবার চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন যশোরের বাসিন্দারা। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.