ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আবুল কালাম নামে এক কৃষক দগ্ধ হয়েছেন এবং আগুনে একটি গরুর মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আবুল কালামের গোয়ালঘরে, যেখানে পাঁচটি গরু বাঁধা ছিল। আগুনের তীব্রতায় গরুগুলো চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ও এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
গরুগুলোকে উদ্ধার করতে গিয়ে আবুল কালাম শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় চারটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। উদ্ধার হওয়া গরুগুলোর শরীরেও আগুনে ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে।
দগ্ধ আবুল কালামকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য (৭নং ওয়ার্ড) বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.