নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় শুরু হওয়া এ পরীক্ষা বেলা ১২টায় শেষ হয়। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং পরবর্তী সময়ে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।
পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে স্থাপিত কন্ট্রোল রুমে অবস্থান করে সারাদেশের বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ বছর দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে সরকারি কলেজ ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি। বিভাগভিত্তিক কেন্দ্রের সংখ্যা ছিল—ঢাকা মহানগরীতে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি।
ভর্তি পরীক্ষার কন্ট্রোল রুমে ভাইস-চ্যান্সেলরের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন প্রফেসর ড. মো. সেলিম রেজা, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং হযরত শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ রানা ফেরদৌস রত্না।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরীসহ বিভিন্ন বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.