নরসিংদী প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচির খাবারের মান যাচাই করেন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় খাবার সরবরাহকারী ঠিকাদারের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং মান উন্নয়ন না হলে কার্যাদেশ বাতিলের হুঁশিয়ারিও দেন।
এছাড়া বিদ্যালয়ে সরবরাহকৃত বনরুটিতে সন্দেহজনক গন্ধ পাওয়ায় দুটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে মিড ডে মিল কর্মসূচির খাবারের মান পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। কোথাও অনিয়ম বরদাশত করা হবে না এবং প্রয়োজন হলে পুরো ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে।
তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে, যা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.