মোঃ শিহাব হোসেন, বুটেক্স প্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বুটেক্সসাসের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। ঢাবিতে কর্মরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের ঘটনা ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।
এই হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বুটেক্সসাসের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বুলেটিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহেদ বলেন, “সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক সমিতির সদস্যদের ওপর পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব; সেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালনকালে তাদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত চিন্তার পরিপন্থী।”
বুটেক্সসাসের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আল জাবের রাফি বলেন, “ঢাবি ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা ও হেনস্তা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। হামলার বিচার নিশ্চিত করার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে আরও বিষিয়ে তুলছে। জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”
এছাড়াও মানববন্ধনে বুটেক্সসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রাতুল সাহা বলেন, “গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে ঢাবি সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অতীতেও সাংবাদিকরা নানা প্রতিকূলতার মাঝে সত্য তুলে ধরেছেন। সত্যকে শক্তি দিয়ে দমানো যায় না। সাংবাদিকদের নিরাপত্তা না থাকলে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠও নিরাপদ থাকবে না।”
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.