নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় পৃথক স্থান থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে সাইবুর রহমান সোহানকে আটক করা হয়েছে।
রোববার ভোরে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন বনমালা এলাকার বাসিন্দা মো. সোহেল হোসেন (৫০) এবং তার ছোট ছেলে সাকিব হোসেন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব হোসেন উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শনিবার মধ্যরাতে নিজ বাড়ির একটি কক্ষে তার মুখে কাপড় গুঁজে দেওয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়। তার হাত-পায়ের রগ কাটা ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
অন্যদিকে, বাড়ির পাশের রেললাইনের কাছে সোহেল হোসেনের মরদেহ ট্রেনে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। ছোট ছেলে সাকিব পড়াশোনার পাশাপাশি চাকরি করে সংসারের দায়িত্বে সহায়তা করতেন। বড় ছেলে সোহান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “বাবা-ছেলের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.