যশোর প্রতিনিধি
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি যশোরের শার্শা উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই যশোর বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে সড়কে ভিড় করেন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুলনা বিভাগে এটি তার প্রথম সফর। ফলে এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
জানা গেছে, সফরের মূল উদ্দেশ্য শার্শার উলশী খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করা। দীর্ঘদিন ধরে খালটি পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
আজকের কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
দিনের শেষাংশে বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর ও শার্শা এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সকল মহল সফরটি সফল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.