নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের মেঘডুবি এলাকায় নিজ ঘর থেকে কুলসুম বেগম (৪৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি এমএম নিয়াজ উদ্দিন স্কুলের পাশের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলসুম বেগম ওই এলাকার মৃত আতাব উদ্দিনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্ত কুলসুম বেগম ওই বাড়ির চারটি কক্ষের মধ্যে দুইটিতে বসবাস করতেন এবং বাকি দুটি কক্ষ ভাড়া দিয়ে সামনের একটি দোকানে ব্যবসা পরিচালনা করতেন। রবিবার রাতে বাড়ির একটি কক্ষে ডাইনিং টেবিলের ওপর কাটা ফল সাজানো অবস্থায় পাওয়া যায়। অন্য একটি কক্ষে তার রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে ময়না বেগম জানান, দুপুরে মায়ের সঙ্গে তার শেষবার কথা হয়। তখন তাকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। পরে রাত ৮টার দিকে তার ভাইয়ের স্ত্রী ফোন করে জানান, কুলসুম দরজা খুলছেন না এবং কোনো সাড়া দিচ্ছেন না। খবর পেয়ে সে তার স্বামী ও আত্মীয়দের নিয়ে গিয়ে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তিনি বলেন, “আমার মাকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
জিএমপির পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.