আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি এসব কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন “Reducing Climate Change Induced Health Hazards of Pregnant Women, Children and Adolescent Girls (REACH)” প্রকল্পের আওতায় ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজ এবং ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ কুমার গোলদার, মুসলিম এইডের প্রতিনিধি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, জমিদাতা, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার ৫টি কমিউনিটি ক্লিনিক, ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কার কার্যক্রম, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং ২টি ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স প্রদানের উদ্যোগকে সরকারের স্বাস্থ্যসেবায় উন্নয়ন অংশীদার হিসেবে ভূমিকা রাখায় ইএসডিওকে ধন্যবাদ জানান।
পরে তিনি একই ইউনিয়নে ইএসডিও বাস্তবায়িত “Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-III)” প্রকল্পের আওতায় নির্মিত সোদকনা পানি বিশুদ্ধকরণ প্লান্ট পরিদর্শন করেন এবং বিশুদ্ধ পানির কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি পানি বিতরণ কার্যক্রমে অংশ নেন।
প্লান্ট পরিচালনা কমিটির সভাপতি রত্না বিশ্বাস ও সদস্য সচিব রূপা দাস জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। জানা যায়, এই প্লান্টে দৈনিক ৮ থেকে ১০ হাজার লিটার পানি পরিশোধন করা সম্ভব, যা প্রায় ৪০০ পরিবারের জন্য নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করছে।
ইএসডিও’র প্রকল্প কর্মকর্তা জানান, একই ধরনের আরও একটি পানি প্লান্ট শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামে স্থাপন করা হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, জলবায়ু সহনশীল টয়লেট, দুর্যোগ আশ্রয়কেন্দ্রের ওয়াশ সুবিধা উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা উন্নয়নে সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, প্রকল্প দুটি দাতা সংস্থা ইনফন্টস ডু মন্ডে (ইডিএম) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.