জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উপাচার্যের একান্ত সচিবকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে।
অভিযুক্ত সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় প্রশাসনিক ভবনের সামনে সৈয়দ নাজমুল হুদা ও মাহবুব আলমকে উত্তেজিত অবস্থায় দেখা যায়।
এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে ছাত্রদলের আহ্বায়কের হাতে দেন এবং সেটি পরীক্ষা করার জন্য বলেন।
তবে ছাত্রদলের আহ্বায়ক ফোনটি পরীক্ষা না করে তা পুনরায় মাহবুব আলমের কাছে ফিরিয়ে দেন। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলম বলেন, “আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। পরবর্তী ব্যবস্থা প্রশাসন নেবে।”
ঘটনার পরদিন থেকে অভিযুক্ত শিক্ষক ড. সৈয়দ নাজমুল হুদা ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন। তার ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার অবগত নন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, “সে মোবাইল থেকে রেকর্ডিং চালু করেছিল। তখন আমি মোবাইলটি নিয়ে শাকিলকে দিই এবং বলি, ভেতরে কী আছে একটু দেখে নিতে।”
ক্যাম্পাসে অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে জিজ্ঞেস করবে। উপাচার্য বিষয়টি জানেন।”
এ বিষয়ে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “সে কোনো ছুটির আবেদন করেনি। আমি তাকে আবেদন করতে বলেছি।”
অন্যদিকে সিন্ডিকেট সদস্য ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল বলেন, “আমি তখন পরিস্থিতি মিটমাট করে দিয়েছিলাম। মারধরের কোনো ঘটনা আমি দেখিনি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.