ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদের একজনের আড়াই বছর বয়সী সন্তান রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন—মাসুদ আল নোমানের স্ত্রী সুমা আক্তার (২৬) এবং মকবুল হোসেনের স্ত্রী ফাতেমা তুজ জহুরা (৪০)। জানা গেছে, সুমা আক্তারের আড়াই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে ইউআইটিআরসিই-২ প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের অধীন ১০ শতাংশ জমিতে আইসিটি ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়। পরে ২০২৩ সালে সারাদেশে অনুমোদিত ১৬৩টি আইসিটি ভবনের তালিকায় ঈশ্বরগঞ্জও অন্তর্ভুক্ত হয়। তবে নির্মাণকাজ শুরু হলে জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়।
স্থানীয় মকবুল হোসেন ও তার পরিবার প্রস্তাবিত জায়গার প্রায় সাড়ে ৪ শতাংশ জমির মালিকানা দাবি করে নির্মাণকাজে বাধা দেন। পরিবারের সদস্য মাসুদ আল নোমান জানান, ওই জমি তাদের পৈতৃক সম্পত্তি এবং সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন বলেও তিনি দাবি করেন।
তার অভিযোগ, বিষয়টির সমাধান না করে জোরপূর্বক কবরস্থান ভেঙে নির্মাণকাজ চালানো হচ্ছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, জনস্বার্থে প্রকল্প বাস্তবায়ন চান, তবে জমির বিরোধ নিষ্পত্তি না করে এভাবে কাজ করা ঠিক নয়।
প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে কোরিয়ান হোবান ইএনসি কোম্পানি। সাইট ইঞ্জিনিয়ার কৌশিক রঞ্জন সরকার বলেন, উপজেলা প্রশাসন থেকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় কিছু লোক কাজের সময় বাধা দিচ্ছে এবং শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করছে। এ কারণে থানায় মামলা করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, উপজেলা পরিষদের এক একর ৭৪ শতাংশ জমির মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিআরএস রেকর্ড অনুযায়ী জমিটি সরকারি হওয়ায় সেখানে নির্মাণে বাধা দেওয়ার সুযোগ নেই। বারবার সতর্ক করার পরও একটি মহল বেআইনিভাবে কাজে বাধা দিচ্ছিল।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আযম জানান, আইসিটি ভবনের সাইট ইঞ্জিনিয়ারের করা মামলায় দুই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.