নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বিশ্ব মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) এক তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানুষের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণালব্ধ জ্ঞানকে যথাযথ স্বীকৃতি ও সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’, যার মূল উদ্দেশ্য উদ্ভাবন, সৃজনশীলতা এবং মেধাসম্পদের যথাযথ মূল্যায়নে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। পরে কী-নোট স্পিকার হিসেবে ট্রেজারার কৃষিক্ষেত্রে মেধাস্বত্বের ভূমিকা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইনের মতো মেধাস্বত্ব অধিকারের গুরুত্ব তুলে ধরা হয় এবং এগুলোকে কীভাবে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা যায় তা ব্যাখ্যা করা হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী অধ্যাপকরা মেধাস্বত্ব সুরক্ষা, গবেষণার বাণিজ্যিকীকরণ এবং প্রযুক্তি হস্তান্তর বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, “টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সেই উদ্ভাবনকে সুরক্ষা দেয়।”
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মেধাস্বত্ব সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। গবেষকদের উদ্ভাবন পেটেন্টের মাধ্যমে জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, গাকৃবি আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে এবং বৈশ্বিক পর্যায়েও সম্মানজনক অবস্থান ধরে রেখেছে।
উল্লেখ্য, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইনের মতো মেধাসম্পদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) ২০০০ সাল থেকে প্রতি বছর ২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস পালন করে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.