নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর–২ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানকে হত্যার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জোটের নেতাকর্মীরা।
রোববার দুপুর ২টার দিকে গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গাজীপুর–২ সংসদীয় আসনে শাপলা কলি মার্কারের সমর্থনে একটি নির্বাচনী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির প্রচারণার মাইক বহনকারী একটি অটোরিকশা ইচ্ছাকৃতভাবে শোভাযাত্রার গতি রোধ করে এবং উচ্চস্বরে মাইক বাজাতে থাকে।
শোভাযাত্রা থেকে বারবার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত না করে উসকানিমূলক আচরণ অব্যাহত রাখে বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাপলা কলির শোভাযাত্রা রাস্তা পার হয়ে পোড়াবাড়ী বাজারের পূর্ব পাশে অগ্রসর হলে, ২১ নম্বর ওয়ার্ড যুবদলের ক্যাডার সুমন সরকার ও গাজীপুর–২ আসনের প্রার্থীর চাচা পরিচয়দানকারী এক ব্যক্তি ধানের শীষের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার দিয়ে চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায়।
বক্তব্যে আরও বলা হয়, শোভাযাত্রা পশ্চিম পাশে পোড়াবাড়ী বাজারে পৌঁছালে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির স্টিকার সম্বলিত একটি নির্বাচনী গাড়ি ব্যবহার করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জল হোসেন উদ্দেশ্যমূলকভাবে শাপলা কলির পদযাত্রার গতি রোধ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন।
১১ দলীয় জোটের নেতারা বলেন, এসব ঘটনা ফৌজদারি অপরাধ, নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

