সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন অভিযোগ করেছেন, বর্তমান নির্বাচনকে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে একটি বিশেষ গোষ্ঠী আবারও ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকের চর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জয়নুল আবেদীন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার সেই অধিকার প্রয়োগের সুযোগ এসেছে। আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিলে বিদেশে অবস্থানরত আমাদের নেতা তারেক রহমান যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে নারী, তরুণ সমাজ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।
মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক মুক্তিযোদ্ধা আজ অবহেলিত। মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গেলে চলবে না। প্রকৃত সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি।
সরকারবিরোধী বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা বহু ত্যাগ স্বীকার করেছেন। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনা করে তিনি বলেন, একজন জেলখানায় বসে ষড়যন্ত্র করছেন, আরেকজন জনগণের কাছ থেকে অর্থ সহায়তা চেয়ে নির্বাচনে টিকে থাকার চেষ্টা করছেন।
নিজের অবস্থান তুলে ধরে জয়নুল আবেদীন বলেন,
আমি এই মাটির সন্তান। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
জনসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহিন হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির ও আরিফুর রহমান শিমুল শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

