বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে করমআলী মার্কেটের একটি ফার্মেসি থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে নজরুল ইসলাম খোকনের মুদি দোকান, রাসেল মির্ধার মুদি দোকান, গনি গাজীর মাছের আড়ৎ, জাহিদ খানের কাপড়ের দোকান ও ফার্মেসি, আবুল হাওলাদারের চায়ের দোকান, শিপন হাওলাদারের ফার্মেসি এবং হারুন হাওলাদারের খাবার হোটেল পুড়ে ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া দোকানের মালিক নজরুল ইসলাম খোকন ও স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছিল। তবে ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতি আরও বেড়েছে। স্থানীয় জনতা প্রায় তিন থেকে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ সাইদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু ফেরির অবস্থা ও পরিবেশগত সমস্যার কারণে গাড়ি পৌঁছানো সম্ভব হয়নি।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, আগুনে পুড়ে যাওয়া সাতটি দোকানের বিষয়টি তারা জানেন। ইউপি চেয়ারম্যান ও সচিবের মাধ্যমে ভুক্তভোগী দোকান মালিকদের খবর জানানো হয়েছে এবং তাদের আবেদন অনুযায়ী সহযোগিতা করা হবে।

