Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় পদ্মা সেতু ও নদী শাসন ইস্যুতে জমে উঠেছে রাজবাড়ী-১ আসনের ভোটের সমীকরণ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাত পোহালেই বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের ভোটাররাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাধিকার প্রয়োগ ও ফলাফল জানার জন্য। এবারের নির্বাচনে দৌলতদিয়া–পাটুরিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, নদী শাসন ও আওয়ামী লীগের ভোটের অবস্থান—এই তিনটি বিষয়কে ঘিরেই জমে উঠেছে ভোটের হিসাব-নিকাশ।

স্থানীয়দের মতে, একসময় আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার দলটির কোনো প্রার্থী না থাকায় ভোটের সমীকরণ নতুন মোড় নিয়েছে। ফলে প্রধান লড়াইটি হচ্ছে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগের ভোটারদের অবস্থানই শেষ পর্যন্ত ফল নির্ধারণে বড় ফ্যাক্টর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাওয়া প্রান্তে পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটকেন্দ্রিক অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আগে যেখানে হাজার হাজার যানবাহন পারাপার হতো, এখন তার মাত্র এক-চতুর্থাংশ চলছে। এতে পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও ঘাটনির্ভর মানুষের জীবিকায় বড় ধাক্কা লেগেছে। বহু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ।

দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা বলেন, “পদ্মা সেতু দেশের জন্য আশীর্বাদ হলেও আমাদের জন্য অভিশাপ হয়ে এসেছে। এখন আমাদের সবচেয়ে বড় দাবি দ্বিতীয় পদ্মা সেতু ও নদী শাসন।”

গত কয়েক দশকে পদ্মা নদীর ভাঙনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের দাবি, অন্তত ৮–১০ হাজার পরিবার ভূমিহীন হয়ে অন্যের জমি, রেললাইন বা মহাসড়কের পাশে বসবাস করছেন। ফলে স্থায়ী নদী শাসন ও পুনর্বাসন এখন ভোটারদের অন্যতম প্রধান দাবি।

রাজবাড়ী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ১৪৯, নারী ২ লাখ ১৪ হাজার ৫৮ এবং হিজড়া ভোটার ৮ জন। গোয়ালন্দ উপজেলায় ভোটার ১ লাখ ৭ হাজার ৩৫৩ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী—

বিএনপি: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ)

জামায়াতে ইসলামী: অ্যাডভোকেট নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা)

জাতীয় পার্টি: অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল)

জাকের পার্টি: মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল)

প্রতিশ্রুতিতে দ্বিতীয় পদ্মা সেতু

জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, ক্ষমতায় গেলে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের প্রকল্প নেওয়া হবে।

আওয়ামী লীগের প্রার্থী না থাকায় দলটির ভোটারদের অবস্থান এখন সবচেয়ে আলোচিত বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটের বড় অংশ যে প্রার্থীর দিকে যাবে, তিনিই এগিয়ে থাকবেন।

সব মিলিয়ে দ্বিতীয় পদ্মা সেতু, নদী শাসন ও আওয়ামী লীগের ভোট—এই তিন ইস্যুতেই শেষ মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে রাজবাড়ী-১ আসনের নির্বাচনী মাঠ। এখন দেখার বিষয়, ভোটের বাক্সে শেষ হাসি কে হাসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।