জয়পুরহাট প্রতিনিধি
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জয়পুরহাট-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণের পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আল-মামুন মিয়া জানান, দুপুর ১২টা পর্যন্ত জয়পুরহাট-২ আসনে প্রায় ৫০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন।
সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় আরও বাড়ে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি পুরুষদের তুলনায় বেশি দেখা গেছে।
ভোটার ওয়াকিল হোসেন জানান, তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন এবং কোনো সমস্যার সম্মুখীন হননি। তরুণ ভোটার মোছা. শাকিলা বেগম বলেন, কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ছিল এবং সিরিয়াল অনুযায়ী লাইনে দাঁড়িয়ে সহজেই ভোট দিতে পেরেছেন। নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল বলেও তিনি উল্লেখ করেন।
এবারের নির্বাচনে জয়পুরহাট-2 (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির আব্দুল বারী, জামায়াতে ইসলামীর এস এম রাশেদুল আলম এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির এস এ জাহিদ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬০ জন, নারী ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। এছাড়া প্রবাসী ও পোস্টাল ভোটার রয়েছেন ৭ হাজার ৪৮৬ জন।
ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত থাকায় সংশ্লিষ্টরা আশা করছেন, দিন শেষে ভোটের হার আরও বাড়বে।

