দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামে সংখ্যালঘু পরিবারের জীবিকার প্রধান উৎস মুড়ি ভাজার চুলা দুর্বৃত্তদের হামলায় ভেঙে দিয়েছে। এতে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামের ফটিক সাহা ও ঝন্টু সাহা–এর মুড়ি ভাজার চুলা এবং অনিল সাহা ও অবিরাম সাহা–এর একটি চুলা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে গত ৩০ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা একই এলাকায় তাণ্ডব চালিয়ে উত্তম সিল–এর দুটি এবং শ্যামল সাহা–এর একটি খড়ের গাদা আগুনে পুড়িয়ে দেয়। ভুক্তভোগী পরিবারগুলো জানান, রাতের অন্ধকারে কে বা কারা এই হামলা চালাচ্ছে তা তারা দেখতে পাননি।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফরিদা সুলতানা এবং দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম। তারা ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তার আশ্বাস দেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বারবার এই ধরনের ঘটনার শিকার হওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। ইউএনও মোছা: ফরিদা সুলতানা জানান, “জীবিকার ওপর আঘাত অত্যন্ত অমানবিক। আমরা ঘটনার তদন্ত করছি এবং দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।”

