শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনকে রক্ষায় ১৪ ফেব্রুয়ারি “সুন্দরবন দিবস” রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান ও আনিসুর রহমান মিলনের সঞ্চালনায় এবং শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরানসহ রিয়াজ হোসেন, নূর নাহার পারভীন, সাদিয়া সুলতানা ও রুবিনা পারভীন।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়; এটি উপকূলীয় জনজীবনের রক্ষাকবচ এবং দেশের পরিবেশ ও অর্থনীতির অন্যতম ভিত্তি। কিন্তু বর্তমানে অবৈধ বন উজাড়, দখল, বন্যপ্রাণী নিধন, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল দিয়ে মাছ আহরণ, নদী-খালে দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই বন নানা সংকটে পড়েছে।
তারা সুন্দরবন রক্ষায় কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধ মাছ আহরণ ও বিষ প্রয়োগের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ, বন ও নদীপথে মোবাইল টিম ও টহল জোরদার, জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতামূলক ক্যাম্পেইন বৃদ্ধি, বননির্ভর জেলে ও বাওয়ালিদের বিকল্প জীবিকার ব্যবস্থা, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ এবং স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন।
বক্তারা আরও বলেন, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব। একই সঙ্গে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবন বন বিভাগের সহকারী বন সংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করেন। অনুষ্ঠানে সিডিও ইয়ুথ টিমের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

