দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া এলাকায় আনিচুর রহমানের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে আনিচুর ও একই এলাকার সিহাবের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে আনিচুর রহমানের নেতৃত্বে তার লোকজন সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষ সিহাব ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে এবং একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে থাকে।
খবর পেয়ে দৌলতপুর সেনা ক্যাম্পের সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার (৫০) ও আশরাফুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আনিচুর রহমান অভিযোগ করেন, দফাদারপাড়া এলাকার মৃত তফিলের ছেলে সিহাব (৫০), মজুদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাব উদ্দিনের ছেলে দোয়েল (২৫) ও জালাল (৪৫)সহ ৮–১০ জন তার বাড়িতে চুরি করে এবং পরে গা ঢাকা দেয়। তাদের অবস্থানের খবর পেয়ে সেখানে গেলে প্রতিপক্ষ গুলি চালায় বলে তিনি দাবি করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে ৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোলাগুলির পর দফাদারপাড়া, পশ্চিম দক্ষিণ ফিলিপনগর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

