অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি
দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে পরিচিত হাওরাঞ্চলের দীর্ঘদিনের বৈষম্য নিরসন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পৃথক ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
সম্প্রতি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্দেশ্যে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তার এ দাবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ হাওরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বার্তায় সৈয়দ ফাইয়াজ হাসান বাবু উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে হাওরাঞ্চলের জন্য একটি স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো এখন সময়ের দাবি। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তায় হাওরাঞ্চলের অবদান অনস্বীকার্য। দিগন্তজোড়া বোরো ধানের উৎপাদন ও অভ্যন্তরীণ মৎস্যসম্পদের বড় একটি অংশ এ অঞ্চল থেকে আসে।
তিনি আরও বলেন, প্রতিবছর আগাম বন্যা ও ফসল রক্ষা বাঁধের অব্যবস্থাপনার কারণে হাওরবাসী ব্যাপক ক্ষতির মুখে পড়ে। বিচ্ছিন্ন উন্নয়ন পরিকল্পনার পরিবর্তে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে পৃথক মন্ত্রণালয় গঠন জরুরি।
প্রস্তাবে তিনি উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় থাকলেও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হাওরাঞ্চলের জন্য এখনো কোনো স্বতন্ত্র মন্ত্রণালয় নেই, যা প্রশাসনিক বৈষম্যের শামিল।
পৃথক মন্ত্রণালয় গঠিত হলে বাজিতপুর-লাখাই সড়ককে ঢাকা-ময়মনসিংহ-সিলেট সংযোগকারী কার্যকর বাইপাসে উন্নীতকরণ, ফসল রক্ষা বাঁধের দুর্নীতিমুক্ত ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং কৃষি ও মৎস্যভিত্তিক ক্ষুদ্র-মাঝারি শিল্প গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে বলে তিনি মনে করেন।
বার্তায় তিনি হাওরাঞ্চলের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সোচ্চার অ্যাডভোকেট ফজলুর রহমান-এর ভূমিকাও তুলে ধরেন এবং তাকে মন্ত্রী হিসেবে দেখতে হাওরবাসীর আগ্রহের কথা উল্লেখ করেন।
সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবহেলিত হাওরাঞ্চল তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এবং পৃথক মন্ত্রণালয় গঠন হবে এ অঞ্চলের মানুষের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত।

