ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
বয়স মাত্র ১৩ মাস। যে বয়সে হাসি-খুশিতে ঘর মাতিয়ে রাখার কথা, সেই বয়সেই জীবনের সঙ্গে কঠিন লড়াই করছে ছোট্ট শিশু অর্পিতা। হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লক হয়ে যাওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে শিশুটি। জরুরি অপারেশন ছাড়া তার বাঁচার কোনো উপায় নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের অসহায় বাবা বিষ্ট রঞ্জন সাহার মেয়ে অর্পিতা বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার করাতে পারলে শিশুটি সুস্থ হয়ে উঠতে পারে। তবে এ জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা, যা জোগাড় করা দরিদ্র পরিবারটির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অর্পিতার বাবা বিষ্ট রঞ্জন সাহা পেশায় দিনমজুর। সংসারের নিত্যদিনের খরচ চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা তার জন্য প্রায় অসম্ভব। নিজের কোনো জমি বা সঞ্চয়ও নেই, যা বিক্রি করে চিকিৎসার ব্যবস্থা করবেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “ডাক্তাররা বলছে ৪ লাখ টাকা হলে আমার মেয়েটা আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমি দিন আনি দিন খাই। এত টাকা কোথায় পাব? টাকার অভাবে কি আমার মেয়েটাকে হারাতে হবে?”
তিনি সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, “সবার সামান্য সহযোগিতাই আমার মেয়েকে নতুন জীবন দিতে পারে।”
অর্পিতার প্রতিবেশী ও এলাকার সচেতন নাগরিক সাগর বলেন, “একজন দিনমজুর বাবার পক্ষে ৪ লাখ টাকা জোগাড় করা অসম্ভব। কিন্তু সমাজের সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে শিশুটিকে বাঁচানো সম্ভব।”
বর্তমানে অর্পিতার চিকিৎসার জন্য পরিবারটি দেশ-বিদেশের মানবিক মানুষদের সহযোগিতা কামনা করছে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ: ০১৩২৮-৪২৪৭৮৫
নাম: বিষ্ট রঞ্জন সাহা (অর্পিতার বাবা)
গ্রাম: বান্দাইখাড়া, ডাকঘর: বান্দাইখাড়া
উপজেলা: আত্রাই, জেলা: নওগাঁ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.