মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রায়পুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে শনিবার (২৩ মে) বিকেল ৫টায় রায়পুর ইউনিয়নের আয়শা সামী কলেজ ও মধুখালী টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।
এসময় আরও বক্তব্য রাখেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, আয়শা সামী কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত কাদির, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, স্থানীয় সাবেক মেম্বার হাবিবর রহমান, সাংবাদিক মেহেদী হোসেন পলাশ ও মো. মিজানুর রহমান সরদারসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব এলাহি, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম ও পুরোহিতরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।” তিনি “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যের আলোকে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলা ও সামাজিক সচেতনতার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.