নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বকে কেন্দ্র করে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কমলা বেগম (৩২) ও তার ছেলে মো. নোমান (৯)। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী।
সিআইডি সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির বিরোধের জেরে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কমলার সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপু। ঘটনার সময় শুকনো মৌসুম থাকায় লাশ গুম করতে মা-ছেলেকে বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটিচাপা দেওয়া হয়।
দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার হওয়া রাজু, সাগর ও টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার পুকুর খনন করে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মো. রাইছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পর আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়। তদন্তের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়েছে।”
এদিকে কঙ্কাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.