মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু চুরি প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে বিশেষ টহল কার্যক্রম শুরু করেছে গ্রাম পুলিশ।
নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশার উদ্যোগে সোমবার রাত থেকে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকায় এ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে কোরবানির পশু কেনাবেচা বেড়ে যাওয়ায় গরু চুরি ও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিষয়টি গুরুত্ব দিয়ে ইউনিয়নবাসীর জানমাল রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে রাতব্যাপী টহলের ব্যবস্থা করেন চেয়ারম্যান।
এদিকে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা হ্যান্ড মাইকে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। তারা কোরবানির পশু নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিচ্ছেন এবং অপরিচিত ব্যক্তিদের চলাফেরার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা দেখলে দ্রুত জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলা হচ্ছে।
নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে ইউনিয়নের মানুষ যেন নিরাপদে ও স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গরু চুরি ও অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি হ্যান্ড মাইকে প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নজরদারি বাড়ানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য পেলে দ্রুত ইউনিয়ন পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, ঈদকে সামনে রেখে এমন নিরাপত্তামূলক ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং গ্রাম পুলিশের টহল ও মাইকিং কার্যক্রমে রাতের নিরাপত্তা আরও জোরদার হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.