মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া প্রাইভেট কারের তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার ভোররাতে দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
তিনি জানান, দুর্ঘটনায় এক ট্রাকচালক গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাকচালকের নাম মো. হোসেন (৩৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বেলগাছি মুসলিমপাড়ার বাসিন্দা।
এদিকে রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়াগামী লেনে বাস-প্রাইভেট কার-বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের তিন যাত্রী আহত হন।
আহতরা হলেন— মোহাম্মদ তৌফিক সিদ্দিক (বগুড়া), সিনতিয়া (ফরিদপুর) ও হামিদা (সিরাজগঞ্জ)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের উভয় স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কয়েক ঘণ্টা যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে নিহত ট্রাকচালকের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পৃথক ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.