মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কাভার্ড ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২৫ মে) রাত আনুমানিক সোয়া ২টার দিকে গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি অন্তর দাস (১৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। আহত কাভার্ড ভ্যান চালকের নাম নুরুল আলম (৪০) বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে প্রবেশ করতে একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নিচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির লরি কাভার্ড ভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও লরির হেলপার কেবিনের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাসকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহত নুরুল আলমকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. শাহ কামাল আকন্দ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.