নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বাগেরহাটের কচুয়ায় ৩০০ অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
রোববার (২৫ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, মো. জুবায়ের হোসেন রানা, রাহাতুল ইসলাম শাকিল, মো. ইউনুস সেখ, আ. রউফ খোকন, হাফেজ বনী আমিন, শিকদার ময়নুল ইসলাম, মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত অভাবী ও দুস্থ ৩০০টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়। ঈদের আনন্দ যেন কোনো পরিবার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছেন। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো যায়। প্রধানমন্ত্রীর এই উপহার দুস্থ পরিবারগুলোর ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।”
অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক উপকারভোগী। তাদের একজন বলেন, “কোরবানির ঈদের আগে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। এখন আমরাও সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে “ভূমি সপ্তাহ-২০২৬” উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.