পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আকনকে (৭৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেল ৩টার দিকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইমরান আলম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সয়াদত নগর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে বরগুনা জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আনোয়ার হোসেন আকন আত্মগোপনে ছিলেন। এদিকে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদারদের অর্থ আত্মসাতের অভিযোগ এনে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ঠিকাদার পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.