শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হওয়ায় গাজীপুরের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সোমবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও টঙ্গী-সিলেট মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা যায়। কোথাও কোথাও সৃষ্টি হয় দীর্ঘ যানবাহনের সারি। তবে সন্ধ্যা পর্যন্ত বড় ধরনের স্থায়ী যানজটের খবর পাওয়া যায়নি।
সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ও শিল্পাঞ্চল গাজীপুর থেকে বাড়ির পথে রওনা হয়েছেন লাখো মানুষ। বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও ট্রেনে করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেতে দেখা যায় যাত্রীদের। এর ফলে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।
সবচেয়ে বেশি ধীরগতি দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা, টঙ্গী, আব্দুল্লাহপুর সংযোগ সড়ক, ভোগড়া বাইপাস ও পূবাইলের মীরের বাজার এলাকায়। একইভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর ও সফিপুর এলাকাতেও যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
বিশেষ করে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় আংশিক ছুটি শুরু হওয়ায় দুপুরের পর শ্রমিকদের বাড়ি ফেরার চাপ আরও বেড়ে যায়। বাস কাউন্টার ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় গণপরিবহনের অতিরিক্ত চাপের কারণে যানজট আরও তীব্র হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেক যাত্রী।
যাত্রীদের অভিযোগ, মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ স্টপেজে যাত্রী ওঠানামা এবং ছোট যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে যানবাহন ধীরগতিতে চলছে। চান্দনা চৌরাস্তা এলাকায় সড়কের একাংশ দখল করে গাড়ি দাঁড়িয়ে থাকায় লেন সংকুচিত হয়ে পড়ে এবং কিছুক্ষণ পরপর যানজট তৈরি হচ্ছে।
পরিবহন চালকেরাও বলছেন, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি যাত্রীদের হঠাৎ রাস্তা পারাপার ও অনিয়ন্ত্রিতভাবে গাড়ি থামানোর কারণে চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে সামান্য জটও দ্রুত দীর্ঘ লাইনে পরিণত হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, ঈদকে সামনে রেখে সোমবার থেকে অনেক তৈরি পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। ফলে দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।
সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে শুরু করেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আগামী দু-একদিনে ঈদযাত্রার চাপ আরও বৃদ্ধি পেতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.