ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় আলোচিত লিচু বাগান মালিক আজিজুল মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি সোনাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সি (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া রাজু মুন্সি উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজু মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সরকারি কর্মচারী হিসেবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থার কথাও জানিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, রাজু মুন্সির গ্রেফতারের বিষয়টি তারা জেনেছেন। ঈদের ছুটির পর থানার সঙ্গে যোগাযোগ করে মামলার নথিপত্র সংগ্রহ করা হবে এবং বিধি অনুযায়ী জেলা উপ-পরিচালকের কাছে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ পাঠানো হবে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আজিজুল মোল্লার একটি লিচু বাগান রয়েছে। অভিযোগ রয়েছে, ওই বাগানের টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন পার্শ্ববর্তী চর বাংরাইল গ্রামের শাকিল মুন্সি ও তার সহযোগীরা। একই সঙ্গে তারা বাগান থেকে লিচুও চুরি করতেন।
গত ১৩ মে বিকেলে আজিজুলের ছেলে আকরাম মোল্লা মাদক সেবন ও লিচু চুরিতে বাধা দিলে শাকিল ও তার সহযোগীরা তাকে মারধর করেন। পরে এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে আজিজুল মোল্লার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সালথা থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার অন্যতম আসামি হিসেবে রাজু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.