ফরিদপুর প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। এ উপলক্ষে ফরিদপুরে জমে উঠেছে শেষ মুহূর্তের কোরবানির পশুর হাট। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার সর্ববৃহৎ টেপাখোলা গরুর হাটে পশু নিয়ে আসতে শুরু করেন বেপারিরা।
সকালের দিকে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ও কেনাবেচার ব্যস্ততা বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে আসা খামারি ও বেপারিরা গরু, মহিষ ও ছাগল নিয়ে হাটে অবস্থান করছেন।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ফরিদপুর জেলায় কোরবানির পশুর মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার ৮৬৪টি। এর বিপরীতে জেলার ৮ হাজার ১৬৯ জন খামারি ১ লাখ ৩৬১টি পশু প্রস্তুত করেছেন। ফলে চাহিদার তুলনায় জেলায় পশুর জোগান উদ্বৃত্ত রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত পশুর সরবরাহ থাকায় বাজারে দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। এছাড়া স্থানীয় খামারিদের উৎপাদিত পশুর চাহিদাও ভালো রয়েছে।
ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় মিলিয়ে মোট ৪২টি স্থানে গবাদিপশুর হাট বসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, এবার পশুর সরবরাহ ভালো থাকায় পছন্দ অনুযায়ী পশু কেনার সুযোগ মিলছে। অন্যদিকে বিক্রেতারাও আশা করছেন, ঈদের আগের শেষ দুই দিনে বিক্রি আরও বাড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.