গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উজিরপুর উপজেলার ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম ও শিশু কন্যা জান্নাত। ঘটনাস্থলেই তারা তিনজন নিহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ফিরোজ মাহমুদ স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গৌরনদী থেকে নিজ বাড়ি উজিরপুরে ফিরছিলেন। বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে যানজটে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকা থেকে বরিশালগামী “তাজ আনন্দ পরিবহন” নামে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক বাসটি ভাঙচুর করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে একই দিন সকালে গৌরনদীর বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী “দশমিনা এক্সপ্রেস” নামের একটি বাস ইজিবাইককে চাপা দিলে তিনজন আহত হন। আহতরা হলেন—সেন্টু বেপারি, সান্টু হাওলাদার ও মজিবর শিকদার।
এছাড়া সোমবার সন্ধ্যায় মদিনা স্ট্যান্ড এলাকায় বরিশালগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত যানবাহন চাপা দিলে জসিম মৃধা (৩০) নামে এক আরোহী গুরুতর আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.