রুয়েট প্রতিনিধি
বিশ্বখ্যাত গবেষণা ও বৈজ্ঞানিক প্রকাশনার তথ্যভিত্তিক সূচক ‘ন্যাচার ইনডেক্স’-এ দেশের মধ্যে ১৫তম অবস্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ০.২০ শেয়ার স্কোর নিয়ে এ অবস্থানে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা Nature Portfolio ২০১৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ও উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণার তথ্য বিশ্লেষণ করে ‘ন্যাচার ইনডেক্স’ প্রকাশ করে আসছে।
সম্প্রতি প্রকাশিত সর্বশেষ তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয় ও দুটি মেডিকেল কলেজসহ মোট ৬৮টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বের ১৪৫টি উচ্চমানের পিওর সায়েন্স ও মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্র এবং গবেষকদের অবদানের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে।
ন্যাচার ইনডেক্সের তথ্য অনুযায়ী, কোনো গবেষণাপত্রে একাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান বা গবেষক যুক্ত থাকলে সংশ্লিষ্ট গবেষণার অবদান ভগ্নাংশ আকারে ভাগ করা হয়। এই অংশকেই ‘শেয়ার স্কোর’ বলা হয়। মূলত এই স্কোরের ভিত্তিতেই চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক গবেষণা সূচকে রুয়েটের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ধারাবাহিকতা ও সক্ষমতারই প্রতিফলন। আধুনিক গবেষণাগার, পর্যাপ্ত অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো গেলে ভবিষ্যতে রুয়েট বৈশ্বিক র্যাংকিংয়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, “ন্যাচার ইনডেক্সে রুয়েটের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের একটি অর্জন। এটি শুধু গবেষণায় আমাদের অগ্রগতির স্বীকৃতি নয়, বরং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও একাডেমিক নিষ্ঠার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও রুয়েট ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এই অর্জন শিক্ষার্থীদের গবেষণামুখী কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।”
ন্যাচার ইনডেক্সের তালিকায় একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে দেশের শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া তালিকায় থাকা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তালিকায় রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
গবেষণা সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানো গেলে আগামী দিনে রুয়েটের অবস্থান আরও সুদৃঢ় হবে। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.