মো.মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী নবজাতকের জন্ম দিয়েছেন। শুক্রবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নারী কালকিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। শুক্রবার ভোররাতে ভূরঘাটা এলাকায় তার প্রসব ব্যথা শুরু হলে স্থানীয় কয়েকজন নারী এগিয়ে এসে সহযোগিতা করেন। পরে তিনি একটি সন্তান জন্ম দেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। খবর পেয়ে অনেকেই মা ও নবজাতকের খোঁজখবর নিতে ঘটনাস্থলে ছুটে যান। তবে নবজাতকের বাবার পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, মা ও শিশুর চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যয় প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। তাদের সুস্থতা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.