ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর ও সালথা উপজেলায় পৃথক দুই সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) বিকেল ও রাতে এসব ঘটনা ঘটে।
সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় কাজী সিরাজুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাজী মাসুদ রানা (৩৬), যিনি সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে কাজী সুমন (৪২) ও কাজী তুষার (৩৮) দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কাজী মাসুদ রানা ও কাজী সিরাজুল ইসলামের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদ রানার চিকিৎসা চলছে।
এদিকে একই রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুর পাড়া গ্রামে ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গত বুধবারের ঝড়ে মুন্নু মোল্যার একটি বড় গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে ক্ষতি হয়। পরে মুন্নু মোল্যা নিজ খরচে ঘরটি মেরামত করে দিলেও বৃষ্টির পানি পড়ে তুহিন মোল্যার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায়। এ বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সালিশ চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে মুন্নু মোল্যা, মারুফ মোল্যা, রুপক মোল্যা, মামুন মোল্যা ও এক নারীসহ অপর পক্ষের হায়দার মোল্যা, খলিল মোল্যা, দিপু মোল্যা, মনির মোল্যা, তুহিন মোল্যা ও এক নারী আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, নিহত সিরাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.