ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বেচাকেনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের ছুটুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য টাকা দেন। তবে ওই যুবক ইয়াবা না কিনে টাকা খরচ করে ফেললে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ সময় মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চলাইটের আলো জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.