নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তহোরুল ইসলাম শোভাপুর গ্রামের রবু মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তহোরুল ইসলাম গরুর শেডে পানি দিতে যান। এ সময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই সেখানে কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে যান।
পরে তার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে তাকে বিদ্যুতের তারে হাত জড়িয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, বৈদ্যুতিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.