আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
“প্রভাতের আলোয় একঝাঁক পায়রা” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় ‘আবাবিল’ নামে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরশ্রীপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গনি বাবলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিক্ষক আফসার আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, শিক্ষাবিদ প্রফেসর রবিউল ইসলাম ও আবুল হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদী’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সংগঠনটির অন্যতম পরিচালক নাসিম হোসেন।
এ সময় ইউপি সদস্য কামাল হোসেন, ‘আবাবিল’ পরিবারের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন, শরিফুল ইসলাম, কবির হোসেন, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন হাফেজে কোরআন, বীর মুক্তিযোদ্ধা, হাজী, কবি-সাহিত্যিক, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, আলোকিত অভিভাবক, কৃতী শিক্ষার্থী ও সমাজের বিশিষ্ট গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘আবাবিল’-এর মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে সহায়তা করা।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করে বলেন, এই সংগঠনের কার্যক্রম এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন এবং আলোকিত মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.