মুন্সীগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি-পরবর্তী বর্জ্য অপসারণ ও মিরকাদীম পৌরসভার সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান।
শনিবার (৩০ মে) সকাল ১১টায় তারা মিরকাদীম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ, সড়ক ও ড্রেন পরিষ্কার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গৃহীত পদক্ষেপের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও ইউএনও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “কোরবানির ঈদের পরপরই বর্জ্য অপসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ও কার্যকরভাবে বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।” তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, “ঈদকে কেন্দ্র করে পৌরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া আগামী ১ জুন থেকে মিরকাদীম পৌরসভার সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমে একটি বেসরকারি এনজিও যুক্ত হবে।” তিনি জানান, কোরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পৌরসভার সংশ্লিষ্ট প্রতিনিধিসহ পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হওয়ায় পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমবে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে পৌরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.