নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের জিকিরা গ্রামে বসতভিটার উঠানের মাটি জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। শনিবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, তিনি আরিফ মিয়ার কাছ থেকে পাঁচ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে নিজের রেকর্ডভুক্ত জমি থেকে তিন ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দেন তিনি।
তবে স্থানীয় আলামিন, কালাম সিকদার, কামাল হোসেন, রিপন মাস্টার ও শফিকের নেতৃত্বে একটি পক্ষ আরও দুই ফুট জায়গা রাস্তার জন্য দাবি করে। মনিরুল ইসলাম তাদের পাশের জমি থেকে ওই অতিরিক্ত জায়গা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু প্রস্তাবটি তারা প্রত্যাখ্যান করে জানান, পাশের জমি থেকে নিলে রাস্তা বাঁকা হয়ে যাবে।
এরপর শনিবার সকালে অভিযুক্তদের নেতৃত্বে কয়েকজন লোক মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক উঠানের মাটি কেটে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মনিরুল ইসলাম বলেন, “আমি একজন অসহায় মানুষ। আমার রেকর্ডভুক্ত সম্পত্তি ও জানমালের নিরাপত্তা চাই।”
অভিযোগের বিষয়ে আলামিন ও কামাল সিকদার জানান, গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য সবাই মিলে রাস্তার কাজ করা হয়েছে। তাদের দাবি, মনিরুল ইসলামকে আগে থেকেই জায়গা ছাড়ার জন্য বলা হলেও তিনি তা মানেননি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.