দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা যায়, প্রশিক্ষণরত সেনাসদস্যদের বহনকারী একটি ভাড়া করা বাস বগুড়া থেকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে যাচ্ছিল। পথে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে সেনাসদস্য ও সাধারণ যাত্রী উভয়ই রয়েছেন।
আহত সেনাসদস্যরা জানান, তারা সেনাবাহিনীতে প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যাওয়ার পর ছুটি শেষে একটি ভাড়া করা বাসে করে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। বাসটিতে মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন। দুর্ঘটনায় তারা প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসীম উদ্দিন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তিনি বলেন, “দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় একজন যাত্রী নিহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.