পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কথিত ‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহের লোভে বেরিয়ে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নই যেন শেষ পর্যন্ত দুই প্রাণ কেড়ে নিল, আর পুরো ঘটনাকে ঘিরে এখন রহস্য আর আতঙ্ক।
রোববার (৩১ মে) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে আব্দুর রশিদ ও সাগর নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, শনিবার (৩০ মে) গভীর রাতে তারা কথিত মূল্যবান ‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে ভিন্ন ভিন্ন স্থান থেকে দুজনের লাশ উদ্ধার হয়।
নিহত রশিদের স্ত্রী ময়না বেগম বলেন, রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ফোন করে রশিদকে ডেকে নেয়। তিনি যেতে নিষেধ করেছিলেন, কিন্তু রশিদ শোনেননি। পরে সকালে জানতে পারেন, তিনি আর বেঁচে নেই। এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, ‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহকে কেন্দ্র করেই হয়তো কোনো বিরোধ বা প্রতারণার জটিলতা থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ এখনো মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি।
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে এবং সিআইডি টিম এসে আলামত সংগ্রহ করবে। তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.