সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীর দক্ষিণ তীর থেকে শিকল বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (১ জুন) সকাল ৮টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জোতপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা যমুনা নদীর পাড়ে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়রা চৌহালী থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশকে অবহিত করে। পরবর্তীতে নৌ পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। এছাড়া তার শরীরে শিকল পরানো ছিল, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.