জয়পুরহাট প্রতিনিধি
ঈদের আনন্দ ভাগাভাগি করতে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনজন। কিন্তু পথেই ঘটে গেল হৃদয়বিদারক ট্র্যাজেডি। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সালা ও দুলাভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন নিহতদের বোন ও একজনের স্ত্রী।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খাড়িতা খড়িকাটা কাঠের সাঁকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস (২৪)। আহত হয়েছেন ইমনের স্ত্রী ও ফেরদৌসের বোন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ইমন সরকার তার স্ত্রী ও শ্যালক ফেরদৌসকে নিয়ে মোটরসাইকেলে রওনা হন। পথে খাড়িতা খড়িকাটা কাঠের সাঁকো এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি শ্যালোইঞ্জিনচালিত ভুটভুটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক ব্রেক করেন। এ সময় সড়কের ওপর ছড়িয়ে থাকা শুকনো খড়ের কারণে মোটরসাইকেলটি পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।
ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ইমন সরকার ও ফেরদৌস নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা ইমনের স্ত্রী রাস্তার পাশে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ছড়িয়ে থাকা খড় দুর্ঘটনার অন্যতম কারণ। তারা বলেন, ধান কাটার মৌসুমে স্থানীয় কৃষকেরা প্রায়ই আঞ্চলিক সড়কে ধান ও খড় শুকাতে দেন। ফলে সড়কটি যানবাহনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর আগেও একই কারণে একাধিক দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, পিচঢালা সড়কে ছড়িয়ে রাখা শুকনো খড় কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। প্রশাসনের নজরদারির অভাবে এ ধরনের ঝুঁকি দিন দিন বাড়ছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট পিকআপ ভ্যানটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। তদন্তে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.