যশোর প্রতিনিধি
ঈদুল আজহা উপলক্ষে যশোর শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্র, পার্ক, রেস্তোরাঁ ও আড্ডাস্থলগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। ঈদের দিন থেকে টানা কয়েকদিন ধরে শহরটি যেন পরিণত হয় এক বিনোদন নগরীতে।
ঈদের ছুটিতে শহরের জেস গার্ডেন পার্ক অ্যান্ড রিসোর্ট, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, যশোর কালেক্টরেট ভবন এলাকা, পৌর পার্ক, ভৈরব পার্ক, বোর্ড ক্লাব, বাঁশপট্টি রোড, বিমানবন্দর এলাকা ও মণিহার সিনেমা হলে ছিল দর্শনার্থীদের ব্যাপক সমাগম।
বিকেল গড়াতেই এসব স্থানে মানুষের ঢল নামে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতিটি বিনোদন কেন্দ্র মুখর হয়ে ওঠে।
বিশেষ করে জেস গার্ডেন পার্কে প্রবেশের শুরু থেকে ভেতরের রাইড ও খাবারের দোকানগুলোতে ছিল দীর্ঘ সারি। একই চিত্র দেখা যায় বিনোদিয়া ফ্যামিলি পার্কেও, যেখানে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকায় পরিবারগুলোর উপস্থিতি ছিল বেশি।
ভৈরব নদীর তীরবর্তী পার্ক ও যশোর বোট ক্লাবে সন্ধ্যার পর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সেখানে ভিড় করেন। অন্যদিকে বাঁশপট্টি রোডে সন্ধ্যার পর পুরো এলাকা পরিণত হয় জমজমাট আড্ডাস্থলে।
ঈদে পরিবার নিয়ে ঘুরতে আসা শহরের নীলগঞ্জের বাসিন্দা শাওন কবির বলেন, সারা বছর ব্যস্ততার কারণে পরিবারকে সময় দেওয়া হয় না। ঈদে সন্তানদের নিয়ে ঘুরতে এসেছি, ভিড় থাকলেও পরিবেশ ভালো লেগেছে।
কলেজছাত্রী মৌসুমি আক্তার বলেন, “সন্ধ্যার পর এখানে মানুষের উপস্থিতি দেখে মনে হয় পুরো শহর এক জায়গায় জড়ো হয়েছে।”
জেস গার্ডেনের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ঈদের ছুটিতে কয়েক হাজার দর্শনার্থী তাদের পার্কে আসেন। নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছিল।
মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, ঈদ উপলক্ষে দর্শকের সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি ছিল। ছুটির দিনগুলোতে প্রতিটি শোতেই উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি ছিল।
ঈদের আনন্দে যশোর শহরের প্রতিটি বিনোদন কেন্দ্রই পরিণত হয় মিলনমেলায়, যা স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদের কাছেও বাড়তি আনন্দ যোগ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.