পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে লাল-হলুদ রঙের ড্রোনসদৃশ একটি বস্তু আটকা পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ডিউটি অফিসার মো. সোহান।
এর আগে রোববার বিকেল ৪টার দিকে চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকার একটি মাছ ধরার ট্রলার বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলে মাছ শিকার করছিল। এ সময় জালে একটি বিমানের আকৃতির বস্তু আটকে পড়ে।
জেলে মিরাজ হোসেন জানান, বস্তুটি দেখতে লম্বাটে, লাল ও হলুদ রঙের এবং এতে পাখার মতো অংশ ছিল। জালে পেঁচিয়ে যাওয়ায় এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি উদ্ধার করে সোমবার সকালে পাথরঘাটায় নিয়ে আসা হয় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বস্তুটি ছোট আকারের বিমানের মতো এবং সমুদ্রের তলদেশে গবেষণা বা জরিপ কাজে ব্যবহৃত কোনো ড্রোন বা স্বয়ংক্রিয় যন্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. সোহান জানান, ৯৯৯–এ পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.