কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ওহাব গাজী (৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০), জলিল গাজী (৪৬), ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ, হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২) ও জাহিদুল বরকতউল্লাহকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সদস্যরা ব্যাটারি চুরির অভিযোগে উপজেলার কাঠিগা গ্রামের মোরসালিন মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া এবং ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়াকে আটক করে বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির কার্যালয়ে রাখেন। বিষয়টি জানাজানি হলে কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন সেখানে এসে বিক্ষুব্ধ হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, এ সময় তারা মাদকবিরোধী কমিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে এবং অন্তত ২০ জন আহত হন।
ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, “আমাদের গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে ব্যাটারি চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়েছিল। কিন্তু কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন এসে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের কার্যালয় ও ঘরবাড়ি ভাঙচুর করে।”
তবে অভিযোগ অস্বীকার করে কাঠিগা-চিতশী এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, “আমরা কাউকে মারধর করিনি। বরং আমাদের লোকজনই হামলার শিকার হয়ে আহত হয়েছে।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.