নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ইসলামী ব্যাংকের স্বাধীনতা, স্বচ্ছতা ও গ্রাহকস্বার্থ রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, গাজীপুর মহানগর।
মঙ্গলবার (২ জুন) সকালে মহানগরের শিববাড়ী মোড়ে ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের কার্যক্রমে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংকটির স্বকীয়তা, সুনাম এবং গ্রাহকদের আস্থা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আমজাদ হোসেন খান। বক্তব্য দেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, মো. জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, মো. বেলাল হোসেন, অধ্যাপক শামসুজ্জামানসহ সচেতন গ্রাহক সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে কোটি কোটি মানুষের আস্থা অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক বা গোষ্ঠীগত প্রভাব বিস্তারের চেষ্টা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, লুটপাট ও অনিয়মের সঙ্গে জড়িত বিতর্কিত গোষ্ঠীগুলোকে পুনর্বাসনের অপচেষ্টা দেশের ব্যাংকিং খাতের জন্য অশনিসংকেত হতে পারে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। তারা ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ও অযাচিত প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান এবং ব্যাংক খাত থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবি তোলেন।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা ও নেতৃত্বসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আইন, নীতিমালা এবং গ্রাহকদের স্বার্থ বিবেচনায় গ্রহণ করতে হবে। ব্যাংকের ওপর কোনো ধরনের অযৌক্তিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে গ্রাহক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রাহকবান্ধব পরিচালনা নিশ্চিত করার দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.