সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান (র.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়া ফাতেমা (৭) নামের এক শিশুর মরদেহ প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে মাজারের খাদেমরা রাতভর তল্লাশি চালিয়ে দিঘির মহিলা ঘাটের পূর্ব পাশে শিশুটির মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উদ্ধার করে ঘাটে নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্র ও মাজারের খাদেমদের ভাষ্য অনুযায়ী, ফাতেমা মাজার এলাকায় বসবাসকারী এক বাকপ্রতিবন্ধী নারীর মেয়ে। প্রায় ছয় বছর আগে ওই নারী শিশুটিকে কোলে নিয়ে এলাকায় এসে বসবাস শুরু করেন। তিনি বাকপ্রতিবন্ধী ও মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাদের পূর্ণ পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।
এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের খানজাহান (র.) মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামে ফাতেমা। এ সময় একটি কুমির তাকে টেনে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ও দর্শনার্থীরা নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে রাতভর উদ্ধার তৎপরতা চালান। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার পর থেকে ফাতেমার বাকপ্রতিবন্ধী মা গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েন। মেয়ের ব্যবহৃত একটি ওড়না ও পানির বোতল কোলে নিয়ে তিনি দীর্ঘ সময় দিঘির ঘাটে নীরবে বসে ছিলেন, যা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার এবং মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুর ১২টায় জানাজা শেষে খানজাহান (র.) মাজারসংলগ্ন এলাকায় ফাতেমার দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.